ডেক্স নিউজ: দুনিয়া ও পরকালে শান্তি এবং মুক্তি চায় না এমন মানুষ নেই। শুধু মুমিন মুসলমানই নয় বরং সব ধর্ম-বর্ণ-গোত্রের মানুষ মাত্রই উভয় জাহানের শান্তি ও মুক্তি আশা করে। এ শান্তি ও মুক্তির উপায় কী? যার উপর বিশ্বাস স্থাপন করা ছাড়া শান্তি ও মুক্তি পাওয়ার অন্য কোনো উপায় নেই; ইসলামের মৌলিক বিশ্বাসই বা কী?
আল্লাহ তাআলা মানুষকে ইসলামের মৌলিক বিষয়ের উপর যেমন বিশ্বাস স্থাপন করতে বলেছেন আবার উভয় জাহানে সফলতার বিষয়গুলো কোরআনুল কারিমে বারবার তুলে ধরেছেন।
দুনিয়া ও পরকালে সফলতা পেতে হলে কোরআনে ঘোষিথ কার্যাবলীর যথাযথ আমল করলে দুনিয়া ও আখেরাতের কল্যাণ ও নাজাত পাওয়া বান্দার জন্য অবধারিত। বিষয়গুলো হলো-
▪️
অদৃশ্যের প্রতি বিশ্বাস
▪️
নামাজ প্রতিষ্ঠা করা
▪️
আল্লাহর পথে ব্যয়
▪️
কোরআনের প্রতি বিশ্বাস করা
▪️
আগের সব আসমানি কিতাবের প্রতি বিশ্বাস রাখা
▪️
পরকালের প্রতি বিশ্বাস রাখা

ইসলামের মৌলিক বিশ্বাস বা স্তম্ভ পাঁচটি। যেগুলোর প্রতি সবার আগে বিশ্বাস স্থাপন করতে হবে। শুধু বিশ্বাসই নয় পাঁচটি বিষয়ে মানুষের মৌখিক স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং কর্মে বাস্তবায়নও আবশ্যক।
হাদিসে এভাবে এসেছে-
হজরত আবু আব্দুর রহমান আব্দুল্লাহ বিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, পাঁচটি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি রাখা হয়েছে। (তাই) এ কথার সাক্ষ্য দেওয়া যে-
১. আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসুল।
২. নামাজ প্রতিষ্ঠা করা।
৩. জাকাত আদায় করা।
৪. সম্পদের মালিক হলে আল্লাহর ঘরে (উপস্থিত হয়ে) হজ করা এবং
৫. রমজানের (মাসব্যাপী) রোজা রাখা।’ (বুখারি ও মুসলিম)
সুতরাং যারা দুনিয়া ও পরকালে সফল হতে চায়, তাদের উচিত, ইসলামের মৌলিক বিশ্বাসের বিষয়গুলোসহ কোরআনে ঘোষিত উপদেশগুলো বাধ্যতামূলক পালন করা।
আল্লাহ তা’য়ালা সকল মুসলিম উম্মাহকে ইহকাল ও পরকালে সফলতা দান করুন। আমিন।